লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টারের বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে যৌথবাহিনীর সদস্যরা আলতাফ হোসেন মাষ্টারের বাড়ি ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালান। তবে এ সময় কাউকে আটক করা হয়েছে কি না কিংবা কোনো আলামত উদ্ধার হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আলতাফ হোসেন মাষ্টার ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে রায়পুর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ২০১৯ ও ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হন। তবে ওই দুই নির্বাচনে তার পরাজয় নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক রয়েছে।
তার সমর্থকদের অভিযোগ, তৎকালীন সরকারের সময়ে প্রশাসনিক প্রভাব, ভয়ভীতি ও জোরজবরদস্তির মাধ্যমে নির্বাচনের ফলাফল পরিবর্তন করা হয়, যার ফলে তিনি বিজয়ী হতে পারেননি। এসব অভিযোগ স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
হঠাৎ করে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে যৌথবাহিনীর এ অভিযানকে কেন্দ্র করে এলাকায় চরম কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে। অনেকেই এ অভিযানের পেছনের প্রকৃত কারণ জানতে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যৌথবাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
মন্তব্য করুন